দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত মঙ্গলবার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা।
এর আগে, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরুর কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি।’
‘পুরোদমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে’ বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। অনেকগুলো মামলার ট্রায়াল চলছে। বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষপর্যায়ে রয়েছে। এছাড়া মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে। ফরমাল চার্জও দাখিল হবে বলেও আমরা আশা করছি।’


