ফুড আর ফ্যাশনের মুখোমুখি অবস্থানের কথা শোনা যায় না বরং এ দুটি বিষয়ের মিল পাওয়া যায় অনেকখানে। ফুড বা খাবার অনেকভাবেই এসেছে ফ্যাশন বা সাজ–পোশাকে, আবার ফ্যাশন সচেতনরা যা কিছু মেনে চলেন, তার মধ্যে খাবার অন্যতম। ফুড আর ফ্যাশনের এমন সব সহাবস্থানের পরও ওটিটি প্ল্যাটফর্ম চরকি জানাচ্ছিল খুব তাড়াতাড়ি নাকি এ দুইয়ের মধ্যে ক্যাওস বা ঝামেলা তৈরি হবে। ১৬ সেপ্টেম্বর থেকে এ ধরনের ইঙ্গিত দিয়ে আসছিল প্ল্যাটফর্মটি।
২৪ সেপ্টেম্বর জানা গেল এর কারণ। চরকি অরিজিনাল ফিল্মের ঘোষণা দিতেই এতসব আয়োজন। ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওস’। এর গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ফুড আর ফ্যাশন। নির্মাণ করেছেন মাহমুদা সুলতানা রীমা। তরুণ ও নবীন এ নির্মাতার এটিই প্রথম ওয়েব ফিল্ম। বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু–মিষ্টি সময়কে একটু অন্যরকমভাবে পর্দায় আনার চেষ্টা করেছেন তিনি। ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইরাকে কেন্দ্র করে ফিল্মটির কাহিনি। খুবই ফ্যাশনেবল এই তরুণীর ঝামেলাপূর্ণ (ক্যাওটিক) জীবনের গল্প বলেই ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওস’। নির্মাতা ও গল্পকার মাহমুদা সুলতানা রীমা বলেন, ‘এ গল্পে বন্ধুত্ব, প্রেম, হিউমার পাবেন দর্শকরা। প্রজন্মের মধ্যেকার সম্পর্ক ও তার টানাপোড়েনের প্রসঙ্গও এসেছে। এ সময়রে দর্শকরা যেভাবে ভাবতে ভালোবাসেন, সেই ঢংয়ে কাজটি করা হয়েছে। লিটল মিস কেওস একটি রোমান্টিক ড্রামেডি ঘরানার ফিল্ম।’
ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। তার সহশিল্পী হিসেবে আছেন সাদ সালমি নাওভী।
চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই আসবে ‘লিটল মিস ক্যাওস’ এর ট্রেলারসহ অন্যান্য প্রচারমূলক ভিডিও–ছবি। গুরুত্বপূর্ণ সব চরিত্রে আরও কারা অভিনয় করেছেন তাও জানানো হবে। একইসঙ্গে জানিয়ে দেয়া হবে মুক্তির তারিখও।


