সাভারের আশুলিয়ায় ভাগনিকে কুপিয়ে হত্যার পরে মামা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতরা হলেন নজরুল ইসলাম (৪৭) ও রেখা বেগম (৩০)।
বুধবার বিকালে আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা দূর সম্পর্কের মামা-ভাগনি। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
স্থানীয়দের দাবি, বিকালে রেখা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন নজরুল ইসলাম। এ ঘটনার পরপরই নজরুল আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, রেখা বেগমের স্বামী রাসেল মিয়া দীর্ঘদিন দুবাইয়ে থাকেন। তিন সন্তান নিয়ে রেখা বেগম দেশেই থাকতেন।
ওসি তরিকুল জানান, নিহত দুজন আত্মীয় ছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।


