জামায়াত ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে: রিজভী

জামায়াত ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ডেমরায় এক বক্তব্যে তিনি বলেন, সকাল থেকে ভোট গ্রহণ চললেও নির্বাচনে অনিয়মের বিষয়ে গণমাধ্যমে কোনো খবর দেখেননি তিনি। তবে বিকালের দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অনিয়মের অভিযোগ তোলেন।

রিজভী বলেন, ‘আপনি দুই-তিনটার সময় বা সাড়ে তিনটার সময় এটা বললেন। সকাল থেকে কিছুই বলতে পারেননি। কোথায় হয়েছে, কোন ঘটনা, কে বাধা দিয়েছে? আপনি যদি নামসহ বলতে পারতেন, তাহলে এক কথা। কোনো নামসহ কিছু বলতে পারেননি।’

তিনি বলেন, কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকায় নির্বাচন কমিশন তাদের প্রত্যাহার করেছে। এ পদক্ষেপের জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, নির্বাচনে দু-একটি অভিযোগ থাকতে পারে। তবে ব্যাপক অনিয়ম বা কারচুপির পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন না।

বিএনপির এই নেতা বলেন, তারা চাচ্ছে যে বিএনপির অধীনে নির্বাচন যতই অবাধ হোক, সুষ্ঠু হোক, ওই নির্বাচনকে বিতর্কিত করতে হবে।’

আরও পড়ুন

জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন রিজভী। তার দাবি, নির্বাচনী প্রচার বন্ধ হওয়ার পরও আগের দিন একজনকে বোরকা পরে গ্রামে গ্রামে ভোট চাইতে দেখা গেছে। পরে দেখা যায়, বোরকা পরা ওই ব্যক্তি নারী নন, পুরুষ।

জামায়াতের রাজনীতির সমালোচনা করে তিনি আরও অভিযোগ করেন, ১৯৭১, ১৯৮৬ ও ১৯৯৫ সালসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক ফায়দা নিতে গিয়ে জামায়াত বাকা পথ অবলম্বন করেছে।

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটের শেষ সময়ে এ ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়া দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, এতে গণতন্ত্র শক্তিশালী হবে না।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad