কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ করার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
বুধবার সকালে উপজেলার সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন সার বিতরণ করা হবে না। এতে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার ও ওসি আজিম উদ্দিনসহ পুলিশ ও সোনাহাট ক্যাম্পের বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হন।
উপজেলা নির্বাহী অফিসার সার বিতরণের আশ্বাস দিলে সড়কের অবরোধ তুলে নেন কৃষক। পরে উপজেলা প্রশাসন, পুলিশ,বিজিবি ও আনসারের উপস্থিতে সার বিতরণ শুরু করা হয়।
মেসার্স রাকিবুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী হয়রত আলী বলেন, ‘আমি সবশেষ ডিও অনুযায়ী ডিএপি সার ২৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা ও এমওপি ৯০ বস্তা উত্তোলন করি। বুধবার সার বিতরণের কথা ছিলো না। হঠাৎ শতাধিক কৃষক বিক্ষুব্দ আচরণ করলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়।’
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বুধবার রাকিবুল ট্রেডার্স ডিলার পয়েন্টে সার বিতরণের দিন ধার্য ছিলো না। সোনাহাট ক্যাম্পের মোড়ে বিসিআইসি সার ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা। কিন্তু কৃষক বিশৃঙ্খলা করায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টে সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। উপজেলায় কোন সারের সংকট নেই।


