যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিন দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসছেন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ও সশস্ত্র বাহিনী বিভাগের সূত্র এ তথ্য জানিয়েছে।
অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের নৌবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। এই সফর এ অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরছে। একই সঙ্গে এটি ওয়াশিংটন ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পরই মার্কিন নৌবাহিনীর শীর্ষ এই কর্মকর্তা সফরে আসছেন। এতে সফরটির কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগে ক্রমবর্ধমান গতি স্পষ্ট হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, অ্যাডমিরাল কোহলার ও তার সঙ্গে থাকা মার্কিন কর্মকর্তাদের বিনা ফিতে ‘ভিসা অন অ্যারাইভাল’ দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।
এই অনুমোদন সাধারণ অভিবাসন যাচাই-বাছাই সাপেক্ষ উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী টাইমস অব বাংলাদেশকে বলেন, এই পদক্ষেপগুলো প্রচলিত প্রক্রিয়ারই অংশ।


