দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯২ হাজার ২১৬ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া ১ হাজার ৮৬০ জন রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ১৯১ জন ও নারী ৬৬৯ জন। অন্যদিকে মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন পুরুষ ও পাঁচজন নারী।
বিভাগভিত্তিক তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৭ জন, সিলেট বিভাগে ২১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১২, চট্টগ্রাম বিভাগে ২০০, রাজশাহী বিভাগে ১৭৬, বরিশাল বিভাগে ১৭১, খুলনা বিভাগে ১১০, ময়মনসিংহ বিভাগে ৩৮ এবং রংপুর বিভাগে ১৪ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই, রাজশাহী বিভাগে দুই, বরিশাল বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের মধ্যে নারী ৫২ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ৪ শতাংশ। তবে মোট আক্রান্তের ক্ষেত্রে পুরুষের হার বেশি–৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, মোট আক্রান্ত ৯২ হাজার ২১৬ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকার বাইরের রোগীই বেশি, ৭১ হাজার ২৯৫ জন। আর মোট ২৮৯ জন মৃতের মধ্যে ১৭৬ জনই সিটি করপোরেশন এলাকার।
বয়সভিত্তিক হিসাবে ২১ থেকে ২৫ বছর বয়সীরা ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন, গত ২৪ ঘণ্টায় এ বয়সী ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৫২ জন। চলতি বছর এ পর্যন্ত মোট ৮৬ হাজার ১৫১ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৭৬ জন চিকিৎসাধীন।


