ঈদুল ফিতরে সিনেমা হলে মুক্তি পেয়েছিলো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত ছবিটি ঈদুল আযহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ২১ মে। ১৩ মে দুপুর ১টায় প্ল্যাটফর্মটি তাদের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের তথ্যমতে, ‘দম’ এখন পর্যন্ত বক্স অফিসে এ বছরের হায়েস্ট ওপেনার, অর্থাৎ প্রথম সপ্তাহের টিকিট বিক্রিতে সবচেয়ে এগিয়ে ছিল সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে ‘দম’ বিদেশের মাটিতেও সাফল্য দেখিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহে ৭টি প্রেক্ষাগৃহ প্রদর্শিত হয় ’দম’। দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি দর্শক চাহিদায় প্রদর্শিত হয় ৫০টি প্রেক্ষাগৃহে।
‘দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। রেদওয়ান রনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে।”
আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশীর সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ’দম’ সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।


