জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ভর্তিচ্ছুদের নির্বিঘ্ন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। আগামী ৭ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরিচালনা করছে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। আইআইটি’র পরিচালক রিসালা তাসিন খান জানান, প্রক্রিয়াটি সহজ, স্বচ্ছ ও নির্বিঘ্ন রাখতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টাল ju-admission.org–এ পাওয়া যাবে। এ ছাড়া ২১ ডিসেম্বর ২০২৫ থেকে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।


