দেশের বিভিন্ন কেন্দ্রে ভিন্ন ভিন্ন অভিযোগে পাঁচ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে মো. রুবেল হোসেন নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান এই সাজা দেন।
কারাদণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন কয়ড়া চরপাড়া গ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রির্টানিং অফিসার এটিএম আরিফ বলেন, ‘দুপুর দেড়টার দিকে অভিযুক্ত ব্যক্তি উল্লাপাড়া উপজেলার কয়রা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দিতে আসেন। বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।’
গাজীপুর
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপুরের পর চাঁদপুর স্কুলে দুই পক্ষের চারজনের মধ্যে এই হাতাহাতি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই চারজনকেই দুই বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।


