যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। মঞ্চে প্রবেশের সময় আগুন ছিটকে শরীরে লাগলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।
ঘটনার পর নিজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, “একটুর জন্য প্রাণেজায়ে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সেই অবস্থাতেই পারফর্ম শেষ করেছি। পরে চিকিৎসা নিতে হয়েছে।”
তিনি জানান, মোটরসাইকেলে করে মঞ্চে ওঠার সময় সামনে ও পেছনে থাকা ফায়ার ওয়াক্স থেকে আগুন ছিটকে তার শরীরে লাগে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন এই অভিনেতা।
জায়েদ খান বলেন, “দ্রুত উদ্ধার না করলে আরও বড় ক্ষতি হতে পারত।”
দুর্ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শরীরের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে বিশ্রামে রাখা হয়েছে বলে জানান তিনি।
ঘটনাটি ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনা তৈরি করেছে।


