কুষ্টিয়া সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় ২০টির বেশি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বটতৈল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান গ্রুপের সঙ্গে একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুলের লোকজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন। সংঘর্ষ চলার সময় ২০টির বেশি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান স্থানীয়রা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান মেম্বার ও ভাদালিয়াপাড়ার সাইফুল মেম্বারের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। এ নিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এর জের ধরেই সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।


