কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন ভোর ৫টায় কোস্ট গার্ডের মহেশখালী ও টেকনাফ স্টেশন এবং নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় ‘সন্ত্রাসীদের’ একটি গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরবর্তীতে অভিযানিক দল ওই আস্তানায় তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে।
জব্দ করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে পরবর্তী আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


