এল নিনোর তীব্র দাবদাহের মধ্যেই জমকালো আয়োজনে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী (ফোর্থ অব জুলাই) উদযাপন করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মাউন্ট রাশমোরে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনের সূচনা করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাহাড় ঘেরা জাতীয় উদ্যানটিতে জেরাল্ড ফোর্ড ও রোনাল্ড রিগানের মতো যুক্তরাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের স্মৃতি সংরক্ষিত রয়েছে। সেখানেই দেশের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে উদ্বোধনী ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

শুরুতে যুক্তরাষ্ট্রের শক্তি ও ঐতিহ্য নিয়ে জোরালো বক্তব্য দিলেও ধীরে ধীরে তার ভাষণ রাজনৈতিক রূপ নেয়। তিনি বলেন, ‘কমিউনিজম (সম্পদে সবার সমান ভাগ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য একটি প্রাণঘাতী হুমকি। এটি আমাদের দেশের সবচেয়ে বড় হুমকি- এমনকি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পার্ল হারবার হামলা কিংবা ১১ সেপ্টেম্বরের ঘটনার চেয়েও বড়।’



অন্যদিকে নিউইয়র্ক সিটির মেয়র ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি নিউইয়র্কবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। নানা বিরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ‘নিজের প্রতিষ্ঠার ঘোষিত পূর্ণতার’ দিকে প্রতিদিন অগ্রসর হচ্ছে- এমন দেশ হিসেবে বর্ণনা করেন তিনি।

১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ১৩টি উপনিবেশ একসঙ্গে ‘স্বাধীনতার ঘোষণা’ দেয় এবং ব্রিটিশ শাসন থেকে আলাদা হয়ে নতুন দেশ গঠন করে।
এরপর কয়েক বছর স্বাধীনতার যুদ্ধ করে মার্কিনিরা, যা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ (১৭৭৫–১৭৮৩) নামে পরিচিত। শেষ পর্যন্ত ১৭৮৩ সালে ব্রিটেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃতি দেয়।


২৫০তম স্বাধীনতা বার্ষিকীকে অবিস্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্রজুড়ে নানামুখী আয়োজন নেওয়া হলেও তীব্র তাপপ্রবাহের জেরে মার্কিনিদের মধ্যে তেমন প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে না। দেশটির পূর্বাঞ্চলের বড় অংশই দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তারাও উৎসব ও উদযাপন সংশ্লিষ্টদের পর্যাপ্ত পানি পান ও শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে বিরতি নেওয়ার পরামর্শ দেন।


শনিবারের জন্য নির্ধারিত ওয়াশিংটনের স্বাধীনতা দিবস শোভাযাত্রা বাতিল করার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। প্রখর তাপ ও বৈরি আবহাওয়ার কারণে ফিলাডেলফিয়ায় বাতিল করা হয় ‘স্বাধীনতা দিবস শোভাযাত্রা’। ওয়াশিংটনে ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ (মেলা) দুপুরের পর সাময়িকভাবে বন্ধ হয়ে রোদের তাপমাত্রা কমার পরে বিকাল ৫টায় আবার চালু হয়।



ওয়াশিংটনের ‘ক্যাপিটাল ফোর্থ’ কনসার্টও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে শুরু হয়। এতে অংশ নেন সংগীতশিল্পী প্যাটি লাবেল, ট্রেস অ্যাডকিনস ও নাসার আর্তেমিস টু মহাকাশ মিশনের সদস্যরা। ওয়াশিংটন ডিসির মাউন্ট ভার্ননের আকাশে বর্ণিল আতশবাজির প্রদর্শনী হয়।


