জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা ক্রমশ সেশনজট থেকে মুক্তি পাবেন বলে মনে করছেন জবির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তার মতে, চলতি শিক্ষাবর্ষে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জবি শিক্ষার্থীরা আগে পাঠদানে অংশ নেওয়ায় এটি সম্ভব।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
উপাচার্য বলেন, ‘গত শিক্ষাবর্ষের তুলনায় এবার আমরা চার মাস আগে পাঠদান কার্যক্রম শুরু করেছি। আশা করছি, সেশনজট থেকে ক্রমান্বয়ে মুক্তি পাবে শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম আগে শুরু হওয়ায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামগুলো নির্ধারিত সময়ে শেষ করতে সুবিধা হবে।’
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে একাডেমিক জীবনকে গুরুত্ব দিতে হবে। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাচ্ছি। আগামীর সুন্দর একাডেমিক পরিবেশে তোমরা মেধাচর্চা করে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবে।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেবল ডিগ্রি বা সনদ অর্জনের লক্ষ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। তাদের বক্তব্য ও চিন্তাধারা প্রকাশে শালীনতা ও মাধুর্য থাকতে হবে এবং সমালোচনার ভাষাও হতে হবে পরিমিত ও ভদ্র। কেননা পুরো দেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ও বক্তব্য লক্ষ্য করে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।


