বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জাকারিয়া ইসলাম শাওন নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাওন জোড়গাছা গ্রামের টিপু মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে জোড়গাছা চারমাথা এলাকায় টগরের ধানের মেলের সামনে শাওনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, শাওনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় স্থানীয়রা।
সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম বলেন, ‘জোড়গাছা এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।’


