নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
শুক্রবার জুমার নামাজের সময় এই পরিস্থিতির সৃষ্টি হলে অন্তত পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসীর উদ্দীনের আকস্মিক উপস্থিতিকে ঘিরে মসজিদে তার অনুসারী ও নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। অনুসারীদের চাপে মসজিদের ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধাক্কাধাক্কিতে মসজিদের কয়েকটি গ্লাস ভেঙে অন্তত পাঁচজন আহত হন। রক্তাক্ত অবস্থায় তাদের মসজিদ থেকে বের হতে দেখা যায়। পরে স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ক্ষুব্ধ মুসল্লিরা অভিযোগ করেন, খুতবা শেষে নাসীরুদ্দীন মসজিদের মাইকে বক্তব্য দেওয়ায় নির্ধারিত সময়ে নামাজ শুরু করা সম্ভব হয়নি।
মসজিদে দেওয়া বক্তব্যে নাসীর উদ্দীন ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের প্রেক্ষাপটে বাংলাদেশে আধিপত্যবাদের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির জয় আর গেরুয়া পতাকা একই। এই গেরুয়া বাংলাদেশের কাছাকাছি এসে গেছে। ইমানি শক্তি না থাকলে এই পতাকা ঠেকানো যাবে না।’ তিনি সাধারণ মানুষকে সজাগ থাকার এবং এনসিপির পাশে থাকার আহ্বান জানান।
এ ছাড়া সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করতে পারলে দেশে নতুন পরিবর্তন ঘটবে।’
গত ১৫ বছর আলেমদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।


