ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
অভিনয়শিল্পী সংঘ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। চিকিৎসার অংশ হিসেবে তাকে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।
মৃত্যুর আগের দিন অভিনেতার ছেলে তাছফিক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তার বাবাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
বৃহস্পতিবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তপন। এরপর আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে তার মরদেহ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়। সেখানে ধনবাড়ী উপজেলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার ভাতিজা মান্নান শফিক।
একসময় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তারিকুজ্জামান তপন। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। পাশাপাশি ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ এবং ‘মৃত্তিকার যাত্রা’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।


