২০০৯ সালের পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় পুলিশের মহাপরিদর্শক মো. বাহারুল আলমের নাম আসায় তাকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
রিট আবেদনকারী আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু টাইমস অব বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, রিট শুনানির সময় আমি উপস্থিত না থাকায় আদালত সেটি খারিজ করেছে।
এর আগে, ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব ছাড়াও জনপ্রশাসন সচিব ও আইজিপি বাহারুল আলমকে বিবাদী করা হয়।
এ বিষয়ে জুনু জানান, সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর একটি বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম এসেছে, তার পরিপ্রেক্ষিতে এই রিট করেছি। পিলখানা হত্যাকাণ্ডের সময় তিনি এসবির দায়িত্বে ছিলেন। যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয়, সেহেতু এই অবস্থায় ওনাকে দায়িত্বে রাখলে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে।
এ ঘটনায় ৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছেও আবেদন করা হয়। ৪ ডিসেম্বর বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।


