সাংবাদিকদের কল্যাণে উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

সাংবাদিকদের কল্যাণে উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা
সোমবার ঢাকার সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন কক্ষে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে কার্যকর ব্যবস্থা নিতে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।’

সোমবার ঢাকার সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে যেমন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ, তেমনি দায়িত্বশীল ও জাতীয় স্বার্থনির্ভর সংবাদ পরিবেশনও অপরিহার্য। দেশের মানুষের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকদের কর্তব্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে।’

সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবে সাংবাদিকদের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি ভবিষ্যতে সাংবাদিকদের আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।

পাশাপাশি সাংবাদিক সমাজ যেন স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।

অনুষ্ঠানে দুজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্যদের মাঝে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিককে চিকিৎসা ব্যয় বাবদ ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিকের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে মোট ১ কোটি ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চেক বিতরণ শেষে তথ্য উপদেষ্টা গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পরিদর্শন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad