রাজধানী থেকে সকল নির্বাচনী পোস্টার সরিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিন বৃহস্পতিবার সকালে তিনি এই আহ্বান জানান।
সিইসি বলেন, বর্তমানে নিবন্ধিত ৫৪ দলের সবাই নির্বাচন কমিশনের কাছে সমান। কমিশনের কাছে বড়-ছোট দলের কোনো বিভেদ নেই।
সিইসি বলেন, নির্বাচনের খেলায় রাজনৈতিক দলগুলো খেলবে, রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া রেফারির কাজ কঠিন হয়ে যায়। বর্তমান কমিশন পুরোপুরি নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চায় বলেও মন্তব্য করেন সিইসি নাসির উদ্দিন।
এসময় নির্বাচনী আচরণবিধির কথা উল্লেখ করে তিনি বলেন, খসড়া আচরণবিধিতে পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে। অথচ এখনই ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে। এসব পোস্টার সরিয়ে নিতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
বর্তমানে নিবন্ধিত ৫৪ দলের সবাই নির্বাচন কমিশনের কাছে সমান মন্তব্য করে সিইসি বলেন, ‘আমাদের কাছে বড়-ছোট দলের কোনো বিভেদ নেই। সব দলই আমাদের কাছে সমান, সবাইকে সমান গুরুত্ব দিয়ে দেখতে চাই।’
নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের প্রথম দিন অংশ নেন বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিনিধিরা।


