ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. কায়েস আলী জানান, কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছনে রেল লাইনের পাশে মানুষের জটলা দেখে এগিয়ে যান। এ সময় রেললাইনের পাশে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন ওই ব্যক্তি।
পরবর্তীতে কয়েকজন পথচারী মিলে আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে স্থানীয় কেউই তার পরিচয় জানাতে পারেনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


