৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ ফলাফল প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করে পিএসসি।
এর আগে গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। সেসময় ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ওই ফল প্রকাশের পর বিভিন্ন ক্যাডার পদে কর্মরত ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে জানান যে, তারা এরই মধ্যে বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছেন। তারা একই ক্যাডার বা তাদের পছন্দক্রমের নিচের ক্যাডারে যোগ দেবেন না বলেও জানান।
এ অবস্থায় ফল নতুন করে সমন্বয় করা হয়। তখন দেখা যায় ৩০৩ জনের ৪৩ জন তাদের পছন্দক্রম অনুযায়ী উপরের ক্যাডারে মনোনয়ন যোগ্য। এরপর এই ৪৩ জনকে উপরের ক্যাডারে এবং শূন্য পদ পূরণ করতে আগে মনোনয়ন না পাওয়া ২৫৭ জনকে নতুন করে মনোনয়ন দিয়ে সম্পূরক ফল প্রকাশ করা হলো।
এছাড়া বিএড-এমএড সনদ না থাকায় টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশ পাওয়া পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, গত ৩০ জুন প্রকাশিত ফলের সঙ্গে সমন্বয় করে ৪৪তম বিসিএস ক্যাডারের মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৮১ জনকে মনোনয়ন দেওয়া হলো।
সম্পূরক ফলাফলে বিসিএস প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে আটজন, রেলওয়ে ক্যাডারে সাতজন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ছয়জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য ক্যাডারে তিনজন সুপারিশ পেয়েছেন।
অন্যান্য ১ হাজার ২৩২ জন প্রার্থী সুপারিশ পেয়েছেন বিভিন্ন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার এবং ক্যাডারের প্রফেশনাল ও টেকনিক্যাল পদগুলোতে।


