ঢাকার প্রায় ১৩ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। টাইফয়েড জ্বর প্রতিরোধে ডিএনসিসির ১০টি অঞ্চলে মাসব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী ১২ অক্টোবর।
বুধবার ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
ডিএনসিসির এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০ দিন টিকা দেওয়া হবে (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)। এরপর ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে মোট ১৮ দিন এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।’
ইমরুল কায়েস আরও জানান, প্রতিটি টিকাদান দলে থাকবেন দুইজন টিকাদান কর্মী এবং তিনজন স্বেচ্ছাসেবক। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
১২ অক্টোবর ঢাকার মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


