হেক্সা মিশনের শুরুতেই ধাক্কা, মরক্কোর সঙ্গে ব্রাজিলের ড্র

হেক্সা মিশনের শুরুতেই ধাক্কা, মরক্কোর সঙ্গে ব্রাজিলের ড্র
মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে ১-১ ব্যবধানের ড্র দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ অভিযান শুরু করল ব্রাজিল। ছবি: এক্স
Advertisement
Advertisement

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (নিউইয়র্ক-নিউ জার্সি) অনুষ্ঠিত ‘গ্রুপ সি’-এর এই ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।

ইসমাইল সাইবারির গোলে মরক্কো এগিয়ে যাওয়ার পর ব্রাজিলের পক্ষে সমতাসূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র।

এই ড্রয়ের ফলে ১৯৩৮ সাল থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত থাকার ধারা বজায় রাখল লাতিন আমেরিকার দলটি। তবে ২০০২ সালের পর প্রথম শিরোপার খোঁজে থাকা ব্রাজিলের জন্য এই শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলকে চাপে রাখে গত বিশ্বকাপের সেমিফাইনাল খেলা মরক্কো। প্রথম ১০ মিনিটে তারা ব্রাজিলের রক্ষণভাগে বেশ কয়েকটি আক্রমণ চালায়। বিপরীতে ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে মাঠের পজিশন ও যোগাযোগের ঘাটতি দেখা যায়।

আরও পড়ুন

খেলার ২১ মিনিটে মাঝমাঠে ব্রাজিল বল হারালে প্রতি-আক্রমণে যায় মরক্কো। ব্রাহিম দিয়াজের থ্রু পাস ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বল নিয়ন্ত্রণে নেন ইসমাইল সাইবারি। এরপর ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার সামনে এগিয়ে এলে তার মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান এই মরক্কো ফরোয়ার্ড।

গোল হজম করার পরও ব্রাজিলের খেলায় গতি ফিরছিল না। তবে ৩২ মিনিটে একক দক্ষতায় দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস। বাম প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে আড়াআড়ি শটে গোল করেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ব্রাজিলের জার্সিতে এটি তার ৫০তম ম্যাচ এবং বিশ্বকাপে দ্বিতীয় গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে লুকাস পাকেতার নেওয়া সাইড ভলি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো রুখে দিলে ম্যাচ ১-১ সমতায় থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। প্রথমার্ধে হলুদ কার্ড দেখায় লাল কার্ডের ঝুঁকি এড়াতে রজার ইবানেজের জায়গায় দানিলো এবং ক্যাসেমিরোর জায়গায় ফাবিনিওকে মাঠে নামানো হয়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad