দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে চার এবং হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হলো। আর হামে আক্রান্ত হয়ে ৬৫ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২০৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
অন্যদিক, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৪৯৬ জন ঢাকা বিভাগের।
এদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ১ হাজার ১১৬ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৪৪৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ শিশু। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৬ হাজার ৮১৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ হাজার ৮৬২ শিশু।


