দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে ও হাম সন্দেহে মোট সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনই রাজশাহীর।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি করা প্রতিবেদনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উঠে আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনে। এর মধ্যে ১৪৩ জন সন্দেহজনক হামে এবং ২৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ল্যাব পরীক্ষার মাধ্যমে পূর্বের কিছু সন্দেহজনক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় পরিসংখ্যানে এই পরিবর্তন এসেছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৮৭ জন ব্যক্তি হামে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩২০ জনে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রাজশাহী বিভাগে সর্বোচ্চ চারজন প্রাণ হারিয়েছেন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৪ জন এবং রাজশাহী বিভাগে ২২৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট ৮ হাজার ২৫১ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ল্যাবরেটরি পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৬৪২ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, যা ঢাকা বিভাগে রেকর্ড করা হয়েছে।
সামগ্রিক পরিসংখ্যানে দেখা গেছে, নিশ্চিত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ১৪১ জন এবং রাজশাহী বিভাগে ৭৪১ জন শনাক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট ৫ হাজার ৮০১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। নাগরিকদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


