মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই বিপ্লবের শহীদ শাহরিয়ার খান আনাস নতুন সংগ্রামের পথ দেখিয়ে গেছেন এবং সেই পথ অনুসরণ করে শুধু দেশ নয়, পরিবেশ ও মানবজাতিকেও রক্ষা করতে হবে।
রোববার সকালে গেন্ডারিয়া আদর্শ একাডেমিতে শহীদ আনাসের স্মৃতিফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, আনাসের লেখা চিঠিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আনাসের চিঠি দূরদর্শিতার এক অনন্য নজির। সে যে মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে, তা যেন সবাই জানে—এটি নিশ্চিত করাই তার প্রতি আমাদের শ্রদ্ধা। নিজের জীবনের বিনিময়ে আনাস দেশকে গর্বিত করেছে।
তিনি বলেন, কেউ কেউ বলছেন, বিদ্যালয়ে সংগীত শিক্ষা বা গান রাখা যাবে না। কিন্তু আজকের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও মা-কে নিয়ে পরিবেশনা প্রমাণ করেছে—প্রতিটি বিদ্যালয়ে সংগীত চর্চা কতটা গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীরা আনাসের চিঠি মুখস্থ করে আবৃত্তি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপন করতে পারে বলেও মত দেন তিনি।
জলবায়ু সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রাজিলে কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলবায়ুর ভারসাম্য নষ্ট হওয়ায় প্রকৃতিতে অস্বাভাবিকতা দেখা দিচ্ছে। আষাঢ়ে বৃষ্টি না হলে ইলিশ আশ্বিনে ডিম পাড়তে পারে না। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষা এখন জরুরি দায়িত্ব।
তিনি বলেন, ‘নদী ও সমুদ্রে অক্সিজেন কমছে, লবণাক্ততা বাড়ছে, মাছ ভেসে উঠছে–এগুলো পরিবেশ বিপর্যয়ের সতর্ক সংকেত। ভবিষ্যৎ প্রজন্মকে এমন কোনো কাজ থেকে দূরে থাকতে হবে, যা পরিবেশ ধ্বংস করে।’
প্লাস্টিক দূষণ নিয়ে কথা বলতে গিয়ে ফরিদা আখতার বলেন, সমুদ্র ও মেঘনা নদী প্লাস্টিকে দূষিত হচ্ছে। গবেষণায় ইলিশ মাছেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যা খাদ্যচক্র হয়ে মানুষের শরীরে প্রবেশ করছে। তাই প্লাস্টিক ব্যবহার কমাতে হবে।
অনুষ্ঠানে আদর্শ একাডেমি গেন্ডারিয়ার সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, রাহনুমা ট্রাস্টের সদস্য আরিফ সুলতান মাহমুদ এবং শহীদ আনাসের বাবা সাহরিয়া খান পলাশ।
আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা, অভিভাবক প্রতিনিধি জুয়েল আহমেদ, শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা।
এর আগে উপদেষ্টা স্কুল প্রাঙ্গণে শহীদ শাহরিয়ার খান আনাসের স্মৃতিফলক উন্মোচন করেন।


