আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন একটি সৌন্দর্য খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন। আমরা তাকে স্বাগত জানাই। কারণ তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে অনেক শক্তিশালী করেছে। আমরা তার সম্মানার্থে এমন সিদ্ধান্ত নিয়েছি।’
এ ছাড়া বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে ভূমিকা রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আসনেও ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা চলছে। আশা করি এ বিষয়ে একটি বার্তা আসবে।
সোমবার ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন।


