যশোরে ২ দিনের মাথায় আবারও গুলিতে একজন নিহত

যশোরে ২ দিনের মাথায় আবারও গুলিতে একজন নিহত
রানা প্রতাপ বৈরাগী | ফাইল ছবি
Advertisement
Advertisement

যশোরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে দুর্বৃত্তরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত রানা প্রতাপ নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর নামে একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বলে জানা যায়।

তবে পত্রিকাটির নির্বাহী সম্পাদক মির্জা মাহমুদ হোসেন জানান, বিডি খবরের সঙ্গে রানা প্রতাপের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন

পত্রিকাটির সম্পাদক লিটন দত্ত রাজনৈতিক কারণে দীর্ঘদিন পলাতক থাকায় তিনি বিডি খবর দখলের চেষ্টা করে।

তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘বর্তমানে দৈনিক বিডি খবরের ডিক্লিয়ারেশন বন্ধ রয়েছে। কিন্তু কোনো নিয়ম না মেনে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবিকরে রানা প্রতাপ পত্রিকাটি দখল করে নিয়েছিল।’

এদিকে নিহত রানা প্রতাপ বৈরাগী পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ‘ক্যাডার’ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, নিহত রানা প্রতাপ বৈরাগীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবুল বাশার জানান, তিনি দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা জানতে পারি তিনি চরমপন্থী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে কেশবপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যার পেছনে অন্য কোনো চরমপন্থী গ্রুপের হাত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

এর আগে, গত শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার হত্যার ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad