সিরাজগঞ্জের সদর ও তাড়াশ উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ, চশমা বিতরণ এবং অপারেশনের সুবিধা দিচ্ছে সাজিদা ফাউন্ডেশন এবং সিবিএম গ্লোবাল ডিসএবিলিটি ইনক্লুশন।
প্রকল্পের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে গত সোমবার থেকে দুই দিনব্যাপী একটি ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়।
ভিজিট চলাকালীন বিভিন্ন কমিউনিটিভিত্তিক কার্যক্রম পরিদর্শন করা হয়। এর মধ্যে মানসিক স্বাস্থ্যবিষয়ক কোর্টইয়ার্ড সেশনে সমাজে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবারের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি চক্ষু স্বাস্থ্য ক্যাম্পে স্থানীয়দের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। একই সঙ্গে বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় এবং ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্যোগপ্রবণ অঞ্চলের জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এই উদ্যোগের মূল লক্ষ্য। এ ছাড়া, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ে তুলতে সংস্থাটি কাজ করছে।
ফিল্ড ভিজিটে ফিরোজ আহমেদ, এএসএম রাব্বানীসহ সাজিদা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


