ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে সোলেমান বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই আমির বিশ্বাসের বিরোধ চলছিল। এরই জেরে এদিন দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে আমির বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে সোলেমানের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে সোলেমান বিশ্বাসের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র পাঠানো হয়। সোলেমান বিশ্বাস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত আমির বিশ্বাস মাদকাসক্ত এবং এলাকায় প্রায়ই বিশৃঙ্খল আচরণ করতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া না গেলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


