রংপুরের বদরগঞ্জে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার জাহিদ হাসান জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বস্তাটি খুলে এক নারীর লাশ দেখতে পায়। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে রয়েছে সাদাকালো ডোরাকাটা বোরখার মতো পোশাক।
তিনি জানান, আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়। তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
ওসি জাহিদ হাসান বলেন, ‘ওই নারীকে অন্য কোথাও হত্যা করার পর বস্তায় ভরে এখানে ফেলে দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তার পরিচয় শনাক্তে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’


