কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম ও মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান।
রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম জানান, সংরক্ষিত বনভূমি দখল করে পানের বরজ নির্মাণের খবর পেয়ে বন বিভাগের একটি দল উচ্ছেদ অভিযান চালায়। অভিযান শেষে ফেরার পথে জসিম উদ্দিন, নাজির হোসেন ও সাহাব উদ্দিনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
অভিযুক্ত জসিম উদ্দিন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তবে নাজির হোসেন ও সাহাব উদ্দিনের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন, তবে বিস্তারিত জানেন না। বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন।
তিনি আরও বলেন, এর আগেও পানের বরজকে কেন্দ্র করে বন বিভাগের সঙ্গে সংঘর্ষ ও মামলা হয়েছে। বিষয়টি ব্যক্তিগত বিরোধের পর্যায়ে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। এখনো পর্যন্ত বনবিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয় নি। অভিযোগ পেলে তাদের আইনের আওতায় আনা হবে।’


