স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দাবিতে একটি ভুয়া ভিডিও দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। একটি চাঁদাবাজির ঘটনায় তার মন্তব্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম।
রাজধানীর গুলশানে ২৬ জুলাই গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করে। পরে উভয় সংগঠন থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজ হোক বা যাই হোক, ওরা তো আমাদেরই সন্তান। হ্যাঁ, গুলশানে যে ধরা পড়েছে সে আমাদের এনসিপির নেতা। আমি বকে দিয়েছি, বলেছে আর করবে না।’
প্রকৃতপক্ষে, এই বক্তব্যের কোনো সত্যতা নেই এবং সংশ্লিষ্ট কোন বিশ্বস্ত সূত্রেও এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি এই ভিডিও’র নিচে ডানপাশে লেখা ‘ভিও’ হল একটি এআই টুল। এটির মাধ্যমে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা সম্ভব।
ওই ভিডিও’র সাবটাইটেলে বাক্য গঠন, বানান এবং ব্যাকরণের একাধিক ভুল দেখেও ভিডিওটি যে নির্ভরযোগ্য নয় তা নিশ্চিত করেছে বাংলাফ্যাক্ট। এ ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিমটি দেশে চলমান গুজব ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে নিয়মিত কাজ করে যাচ্ছে।


