রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত ও সুষ্ঠুভাবে প্রত্যাহারের লক্ষ্যে সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং ব্যক্তিদের আবারও আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
মন্ত্রণালয় জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে, বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে এবং ৬ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়ে হওয়া হয়রানিমূলক বা গায়েবি মামলার বর্তমান অবস্থা উল্লেখ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনটির সঙ্গে মামলার এজাহার ও প্রয়োজনে চার্জশিটের স্পষ্ট ফটোকপিও জমা দিতে হবে।
এর আগে সলিসিটর অনুবিভাগ দেশের সব পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরকে এসব মামলার তালিকা পাঠানোর অনুরোধ করেছিল। পরে বিষয়টি আরও বিস্তৃত করার জন্য জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত তালিকাগুলো যাচাই-বাছাই করে জাতীয় পর্যায়ের কমিটি প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।


