জামালপুর সদর উপজেলার দিগপাইতে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত কাঁচাবাজার এলাকার মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
মো. ননি ড্রাইভার (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মো. হাফিজ (৫৫) নামে আরও একজন মারা যান।
নিহত ননি ড্রাইভার দিগপাইত ড্রাইভার বাড়ি এলাকার বাসিন্দা এবং মো. হাফিজ সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালে ননি ও হাফিজ কেনাকাটার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামালপুরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ননি ড্রাইভারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হাফিজ।
এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘এ ঘটনায় ট্রাকটি আটক আছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’


