মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি: এমরান সালেহ প্রিন্স

মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি: এমরান সালেহ প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ও যুগলী ইউনিয়নে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সোমবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি তুলে ধরেন এবং দ্রুত পর্যাপ্ত পুনর্বাসন সহায়তা দেওয়ার আহ্বান জানান। মন্ত্রী ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতে সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্তদের সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ঘূর্ণিঝড়ে হালুয়াঘাটের অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় মানুষের দুঃসময়ে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

তিনি বলেন, ‘কয়েকদিন আগেই আমরা আনন্দের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেছি। কিন্তু ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ঈদের সেই আনন্দ ছিল না। বেদনাবিধুর পরিবেশে তারা ঈদ উদযাপন করেছে।’

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং টেকসই পুনর্বাসনের জন্য জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সরকারি ত্রাণ, শুকনো খাবার, নগদ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন

প্রিন্স বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।’

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, আমরা আপনাদের পাশে আছি। পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।’

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা উপড়ে পড়েছে এবং মসজিদ, মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জান্নাত, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, কৈচাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক শাজাহান সিরাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad