মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে ফের ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই রিমান্ড আদেশ দেন। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন এ আবেদন করেন।
এর আগে, একই মামলায় গত ২৬ মার্চ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মঙ্গলবার আদালতে রাষ্টপক্ষে শুনানি করেন পিপি ওমর ফারুক ফারুকী। আদালতকে তিনি বলেন, শেখ মামুন খালেদ শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন একজন। শেখ হাসিনার রাতের ভোট বাস্তবায়ন করতেন তিনি। জুলাই আন্দোলনে তার পরিকল্পনা ও নির্দেশে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে। মামলার তদন্ত স্বার্থে তার রিমান্ড প্রয়োজন।
অপরপক্ষে আসামী পক্ষের আইনজীবী মোর্শেদ শাহিন রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন।
এ সময় আদালতের অনুমতি নিয়ে আসামি শেখ মামুন খালেদ বলেন, ‘আমি একজন শিক্ষক। শিক্ষকতা করেছি আমি শেষ পর্যন্ত। আমি ভিসি প্রোভিসির দ্বায়িত্ব পালন করেছি। আমি নিজে একজন শিক্ষক হয়ে আমি কিভাবে ছাত্রদের উপর গুলি চালাতে পারি। এই অভিযোগ মিথ্যা।’
আদালতকে তিনি আরও বলেন, ‘১২০ ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। এ্যাবসার্ড প্রশ্ন করা হয়েছে আমাকে। ১২০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আমার কাছে আর কী জিজ্ঞাসা করতে পারে!’
উভয় পক্ষের শুনানি শেষে এ সময় আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে, মামুন খালেদকে গত বুধবার গভীর রাতে মিরপুর ডিওএইচএস-এর বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি।
মামুন খালেদ ২০০৭ থেকে ২০০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি একই পদে ছিলেন। এরপর ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।


