সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সোমবার ভোর থেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কার আকাশ-বাতাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখন তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় সমবেত হচ্ছেন। দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর এই প্রক্রিয়া চলবে।
সৌদি গেজেটের খবর অনুযায়ী, এর আগে রোববার সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের মিনায় নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ‘ইয়াওমুত তারবিয়া’ উপলক্ষে হজযাত্রীরা নিজ নিজ আবাসন থেকে মিনার উদ্দেশে রওনা হচ্ছেন। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরও কয়েক লাখ হজযাত্রী অংশ নেবেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণ করে হাজিরা তালবিয়া পাঠ ও আল্লাহর মহিমা ঘোষণা করতে করতে মিনার পথে যাত্রা করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সৌদি হজ মন্ত্রণালয় হাজিদের যাতায়াত, তাঁবুতে অবস্থান, খাবার ও পরিবহনসহ সার্বিক সেবার জন্য সমন্বিত ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি তাঁবুতে সহজ প্রবেশ, দিকনির্দেশনা ও সচেতনতামূলক সেবাও নিশ্চিত করা হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। জিলকদ মাসের শুরু থেকে বিভিন্ন সেবাকেন্দ্রে ৮৩ হাজারের বেশি পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর আওতায় হাজিদের আবাসন, আতিথেয়তা কেন্দ্র, তাঁবু ও অন্যান্য সেবাকেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে।
হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মিনায় অবস্থানের পর হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হবেন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হিসেবে বিবেচিত।
গরম থেকে বাঁচতে হজযাত্রীদের ছাতা ব্যবহারের আহ্বান সৌদির
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রীদের সূর্যের তাপ থেকে সুরক্ষায় সঠিকভাবে ছাতা ব্যবহারের আহ্বান জানিয়েছে। পবিত্র স্থানগুলোতে চলাচলের সময় সরাসরি রোদে থাকার কারণে যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, তা কমাতে এ আহ্বান জানায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ছাতা ব্যবহার করলে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমে যায়। পাশাপাশি এটি অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয় এবং আশপাশের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সহায়তা করে। গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে রয়েছে— ছাতাকে কবজির স্ট্র্যাপের সঙ্গে সংযুক্ত রাখা, সঠিকভাবে সংরক্ষণ করা এবং হজের আনুষ্ঠানিকতা শেষে তা ফেলে না দেওয়া।


