রাজধানীর আশকোনা হজক্যাম্পে এক হজযাত্রী দম্পতির ব্যাগ থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ২২ হাজার রিয়ালের মধ্যে ১৭ হাজার ৫০০ রিয়াল এবং নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুর রহমান (৫৮) ও মো. নাদিম সরকার (৫৩)।
শুক্রবার রাজধানীর আশকোনা হজক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গত ২২ এপ্রিল হজক্যাম্পে হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হজযাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি অভিনব কায়দায় ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ইমান আলীর ছেলে বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।
ঘটনার পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ব্যক্তিগতভাবে ওই দম্পতিকে ২ হাজার রিয়াল সহায়তা দেন এবং তারা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যান।
তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে সিটি এসবি ডিআইজি মীর আশরাফ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। মতলব, দাউদকান্দি ও গজারিয়া হয়ে রাজধানীর খিলক্ষেতে দীর্ঘ তল্লাশির পর রাত ২টা ৪০ মিনিটে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে টঙ্গী থেকে নাদিমকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় চুরির মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের বড় মেয়ের জামাইয়ের বাসা থেকে ১৭ হাজার ৫০০ রিয়াল এবং মান্নানের দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে ৯০ হাজার টাকা জব্দ করা হয়। তবে আব্দুল মান্নান পলাতক রয়েছেন।
মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব ও সিটি এএসবির একটি দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
রিয়াল উদ্ধারের খবরে মক্কা থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভুক্তভোগী ইমান আলী ধর্মমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ব্রিফিংকালে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন ও ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


