বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নয়, নিহত সরোয়ার বাবলা দুষ্কৃতিকারীদের টার্গেট ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
তিনি বলেন, ‘দুষ্কৃতিকারীরা সরোয়ার বাবলাকে মারার জন্য গুলি করে। ঘটনার সময় তিনি এরশাদ উল্লাহর সঙ্গে ছিলেন।’
‘বাবলার অপরাধের ইতিহাস আছে। ধারণা করা হচ্ছে, হামলার মূল টার্গেট ছিলেন তিনি। ঘটনার মূল হোতা যারা, তাদের অনেকে জেলে আছেন এবং দেশের বাইরে থেকে এর ইন্ধন আছে’, বলেন সিএমপি কমিশনার।
বুধবার রাতে চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতাল গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এদিন বিকালে বায়েজিদ বোস্তামীর থানার চালিতাতলী এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ। তিনি দলটির মহানগরের আহ্বায়ক। সে সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সরোয়ার বাবলা।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে হাসিব আজিজ বলেন, ‘নির্বাচনের আগে এমন ঘটনা ভালো নয়। এমন যেন আর না ঘটে, সে বিষয়ে সচেতন থাকব।’
‘ঘটনার আগে বিকালে এরশাদ উল্লাহ অফিসে এসেছিলেন। তিনি গণসংযোগে যাবেন, পুলিশকে তা জানাননি। লোকাল থানাও জানত না’, যোগ করেন তিনি।
গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ আপাতত আশঙ্কামুক্ত আছেন বলেও জানান সিএমপি কমিশনার।


