সাভারের আশুলিয়ার তৈরি পোশাক কারখানার জেনারেল ম্যানেজারকে (জিএম) অপহরণের তিন ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ঝুট ব্যবসা না দেওয়ায় এ অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিয়াখালি এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
অপহরণের শিকার ওই ব্যক্তির নাম সাধন কুমার দে। তিনি আশুলিয়ার জামগড়ার দিয়াখালি এলাকার রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জিএম।
কারখানা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই দিন সন্ধ্যা ৬টায় সাধন কুমার কারখানায় দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে বাসায় যাওয়ার জন্য বের হন। পথে ছয় থেকে সাত যুবক তার গাড়ি আটকে ভয়ভীতি দেখান। পরে গাড়িতে তুলে নিয়ে চলে যান তারা।
পরে আশুলিয়ার বিভিন্ন স্থানে প্রায় তিন ঘণ্টা ঘুরিয়ে রাত ৯টায় কারখানার সামনে ছেড়ে দেওয়া হয়। এ সময় ওই যুবকরা ঝুট ব্যবসা না দিলে হত্যার হুমকিও দেন।
একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ওই গার্মেন্টেসের ঝুট ব্যবসা চুক্তির মাধ্যমে স্থানীয় ব্যক্তি রনিকে দেওয়া হয়। একটি পক্ষ রনিকে ঝুট নিতে বাধা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ কোনো পক্ষকে ঝুট না দিয়ে নিজেরা বিক্রি শুরু করে।
অপহরণের শিকার সাধন কুমার দে বলেন, ‘ওই ব্যক্তিদের ঝুট ব্যবসা না দেওয়ায় তারা আমাকে অপহরণ করে। বর্তমানে আমি ও পরিবার চরম আতঙ্কে রয়েছি।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ এখনো দেওয়া হয়নি। দিলে ব্যবস্থা নেওয়া হবে।


