স্বাস্থ্য খাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে সহযোগিতা চান এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করার অনুরোধ করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে চীন তার প্রতিশ্রুতি রক্ষা করবে।
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্য সচিব (রুটিন দায়িত্ব) খোরশেদ আলম এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে তারা পিছপা হবে না, তা সাধারণ হাসপাতাল হোক বা বিশেষায়িত হাসপাতালই হোক।
তিনি বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীন থেকে চিকিৎসক দল এসেছে এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতেও সহযোগিতা করা হয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, রোবোটিক রিহেবিলিটেশন সেন্টারে ৮২টি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে এবং বাংলাদেশি মেডিক্যাল স্টাফদের চীনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উচ্চ শিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও গবেষকদের আবাসনের বিষয়েও সহযোগিতায় আগ্রহী বলে জানান তিনি।
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, চীনের সহযোগিতায় প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল উত্তরবঙ্গে স্থাপন করাই যুক্তিযুক্ত। কারণ, উত্তরবঙ্গ তুলনামূলকভাবে অনুন্নত ও অবহেলিত অঞ্চল।


