প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন সরকারের গত ৬০ দিনের উল্লেখযোগ্য সাফল্য ও কর্মকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি বলেন, গত দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত ৬০টি পদক্ষেপ ‘সরকারের অবিস্মরণীয় অর্জন’।
বর্তমান বিএনপি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (তেজগাঁও) এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুখপাত্র জানান, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর থেকে সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনে ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার মধ্যে গত ৬০ দিনে ৬০টি বিশেষ পদক্ষেপ অগ্রযাত্রা নিশ্চিত করেছে।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্র ব্যবস্থার ওপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রধানমন্ত্রী সেই বিশ্বাস ফিরিয়ে এনেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ১২ লাখ প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পাইলট প্রকল্প এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ বাজার তদারকি।
এ ছাড়া শিক্ষা ক্ষেত্রে ভর্তি ফি বাতিল, লটারির পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা এবং বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনিক সংস্কারে সরকারি অফিসের প্রায় ৪ লাখ ৬৮ হাজার শূন্যপদ পূরণে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আধুনিকায়নের অংশ হিসেবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই এবং চলন্ত ট্রেনে ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় তেলের দাম না বাড়িয়ে ভর্তুকি বৃদ্ধি এবং ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত দৃষ্টান্তের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে গুলশানে নিজ বাড়িতে থাকছেন, নিজের গাড়ি ও নিজস্ব খরচে জ্বালানি ব্যবহার করছেন এবং ভিভিআইপি প্রটোকল এড়িয়ে চলছেন, যা রাষ্ট্রীয় ব্যয় হ্রাসে এক যুগান্তকারী উদাহরণ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেন, গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে আসাটাই সবচেয়ে বড় অর্জন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী দেশসেবার যে স্বভাবসুলভ মানসিকতা নিয়ে দায়িত্ব নিয়েছেন, তার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় উক্ত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমানসহ প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


