আগামীতে হয়তো এমনও শুনতে হবে যে, জামায়াতে ইসলাম এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল–এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। আগামীতে কোনো দিন হয়তো এমনও শুনতে হবে জামায়াতে ইসলাম এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন।’
মঙ্গলবার চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন বলেন, ‘গতকাল জামায়াতের আমিরের বক্তব্যে স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, বরং অলি আহমদ দিয়েছেন।’
সালাহউদ্দিন বলেন, ‘যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে–এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ সব জানে।’
তিনি আরও বলেন, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে কার্যত ‘ভাড়া করে’ সাইনবোর্ড দেখাতে চাইছে যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটি কখনোই মেনে নেবে না বলে তিনি দাবি করেন।
সালাহউদ্দিন বলেন, দেশের সকল দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্ব থেকে তিনি জামায়াতের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি জামায়াত নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। সাক্ষাৎকারে কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সালাহউদ্দিনের মতে, এটি নারীদের কল্যাণ নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংসের পরিকল্পনা।
পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অন্যরা।


