নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আটকে বিক্ষোভ করেছেন রেলওয়ের শ্রমিক ও কর্মচারীরা।
মঙ্গলবার রাজবাড়ী ২ নম্বর রেলগেট এলাকায় এ বিক্ষোভ করেন তারা। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন ১৫ মিনিট আটকে রাখেন। এরপর তারা মিছিল নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে যান। তাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের রাজবাড়ী জেলা শাখার সদস্যরা।
বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি সেকেন পাট্টাদার এবং শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন।
এ সময় বক্তারা বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমাদের প্রথম থেকে আশ্বাস দিয়ে আসছিল পে-স্কেল দেওয়ার জন্য। এ জন্য পে-কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করেনি। বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমাদের যে বেতন স্কেল দেওয়া হচ্ছে, সেটি ২০১৫ সালের নিয়ম অনুযায়ী। কিন্তু এর ধারাবাহিকতা হচ্ছে পাঁচ বছর পর পর পে-স্কেল দেওয়া।’
বক্তারা আরও বলেন, ‘গত ১১ বছর আমাদের আগের পে-স্কেল দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্যের দাম কয়েক ধাপে বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলনে নামবো।‘


