২০ বছর পর বরিশাল সফরে তারেক, বুধবার জনসভায় ভাষণ

২০ বছর পর বরিশাল সফরে তারেক, বুধবার জনসভায় ভাষণ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
Advertisement
Advertisement

দীর্ঘ ২০ বছর পর বুধবার বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধান হওয়ার পর এটিই তার প্রথম বরিশাল সফর। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের জন্য বিভাগীয় সফরের অংশ হিসেবে বুধবার তিনি দক্ষিণাঞ্চলে আসবেন।

বুধবার বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারে করে তিনি বরিশাল আউটার স্টেডিয়ামে নামবেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে তিনি সভাস্থল ঐতিহাসিক বেলস্ পার্কে যাবেন। সেখানে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।

এর আগে, ২০০৬ সালের ১৪ মে তিনি শেষবার বরিশাল সফর করেছিলেন। ওই দিন তিনি বরিশালের একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তার আগমনকে কেন্দ্র করে বরিশাল অঞ্চলের বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলীয় নেতারা মনে করছেন, তার সফরে বরিশালের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হবে।

এ উপলক্ষে বরিশাল বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে। সভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ৬ জেলা, বরিশাল মহানগর ও উপজেলা বিএনপির নেতারা অংশ নেন।

আরও পড়ুন

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-ভরশার প্রতীক তারেক রহমান। বরিশালের মানুষ তার জন্য অপেক্ষা করছে। সভাস্থল জনসমুদ্রে পরিণত হবে।’

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন জানান, সমাবেশের জন্য মাঠ ও মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়েছে। নেতাকর্মীরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘বরিশালের মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছেন। তার এই আগমন সবার জন্য আনন্দের, সবাই এখন উজ্জীবিত।’

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, লাখো মানুষের উপস্থিতিতে সমাবেশ শুধু মাঠ নয়, সড়কেও ছড়িয়ে পড়বে।

অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, তারেকের জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে তার আগমনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহর ও শহরের বাইরে মাইকিং, পোস্টার টানানোসহ নানা প্রচারও চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad