২০২৭ সালের ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ প্রকল্পের উদ্বোধন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগরে যাওয়ার কথা রয়েছে কমিটির।
বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে গঙ্গা চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বিদ্যমান চুক্তি অব্যাহত থাকবে, নাকি নতুন করে নবায়ন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এ-সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
এ ছাড়া জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও আলাই নদীর তীর সংরক্ষণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে কমিটি।
বৈঠকে রাজশাহী ও নাটোরের বারনই নদী পুনঃখনন, দূষণ ও দখলমুক্তকরণ প্রকল্প, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নাফ নদীর তীরবর্তী পোল্ডার পুনর্বাসন প্রকল্প এবং গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কমিটির সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, মাজহারুল ইসলাম, মো. ফরিদুল কবীর তালুকদার, মো. ইজ্জত উল্লাহ, মো. অলি উল্লাহ ও মো. মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।


