চাকরিতে ১০ম গ্রেডের দাবি তোলা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন তৃতীয় দিনে গড়াল। এ দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আবুল কাশেম, শামসুদ্দিন মাসুদ, মাহবুবুর রহমান, খায়রুন নাহার লিপিসহ ৯ জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠকে অংশ নেন। পরে শিক্ষকরা কর্মবিরতি থেকে সরে আসার ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা।
সোমবার বিকাল ৫টায় আবারও বৈঠকে বসার কথা রয়েছে শিক্ষকদের। এদিনের বৈঠকে ভালো কোনো সিদ্ধান্ত এলে কর্মসূচি প্রত্যাহার করা হবে। তা না হলে আবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
তিন দাবিতে শনিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবিগুলো হলো-দশম গ্রেডে বেতন-ভাতা, চাকরির ১০ম এবং ১৬ তম বছরে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীর পদোন্নতির নিশ্চয়তা।
শনিবার শিক্ষকদের চারটি সংগঠন যৌথভাবে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামের একটি মোর্চার ব্যানারে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে।


